ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করে চালককে আটক করেছে।
নিহত আনোয়ারা বেগম সাটুরিয়া উপজেলার হরগজ বালিরচর গ্রামের মীর হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় গোলড়া এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল। মহাসড়ক পার হওয়ার সময় বাসটি আনোয়ারা বেগমকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।