হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে সনাতন ধর্মাবলম্বীসহ বাড়ি ফেরা যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটে কোনো সমস্যা দেখা দিলে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথেও যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ফেরিতে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।