হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মিষ্টির শিরায় মাছি, ব্যবসায়ীর দাবি ‘কালো জামের ছানা’

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

লক্ষ্মী সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে মিষ্টির শিরায় পড়ে ছিল অসংখ্য মাছি। ছবি: আজকের পত্রিকা

মিষ্টির শিরায় পড়ে আছে অসংখ্য মাছি। সেগুলোকে কালো জামের ছানা বলে দাবি করলেন দোকানমালিক। তবে সেই দাবি ধোপে টেকেনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মানিকগঞ্জের শিবালয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরংগাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে লক্ষ্মী সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পোড়া তেল ব্যবহারের চিত্র দেখা যায়। প্রতিষ্ঠানটির মিষ্টির শিরায় পড়ে থাকতে দেখা যায় অসংখ্য মাছি। এ বিষয়ে জানতে চাইলে দোকানমালিক মাছিগুলোকে কালো জামের ছানা বলে দাবি করেন। তবে কর্মকর্তাদের কাছে তাঁর দাবি গ্রহণযোগ্য হয়নি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে মেসার্স মিজান এন্টারপ্রাইজকে একই আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।