লাইসেন্স না থাকার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর বাজারে চারটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।
নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসির মালিক আশিস কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসির মালিক মোহাম্মদ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদেরকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় সহযোগিতা করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’