তেল শেষ হওয়াকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী মোড় এলাকার সারমানো ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সরবরাহ বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তেল নিতে আসা কিছু মোটরসাইকেলচালক ইটপাটকেল নিক্ষেপ করে স্টেশনটিতে ভাঙচুর চালান। এই ঘটনায় সাইফুল ইসলাম (৪৯) ও রাসেল (২৪) নামের দুজনকে আটক করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম চলছিল। তবে তেল শেষ হয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সংকটজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।