হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে আমনের নতুন জাত-১০৩-এর ফলনে আশার আলো

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নমুনা ধান কর্তন কার্যক্রমে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুরে আমন ধানের নতুন জাতের প্রদর্শনী প্লটে আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে। মাত্র ২০ বর্গমিটার জমিতে নমুনা শস্য কর্তন করে ১২ দশমিক ৬১ কেজি ধান পাওয়া গেছে। সে হিসাবই হেক্টরপ্রতি সম্ভাব্য ফলন দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০৫ টন। কৃষি বিভাগের এ প্রদর্শনী নতুন জাতের আমন ধান চাষে সম্ভাবনার দুয়ার খুলেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমন ধানের জাত-১০৩-এর প্রদর্শনী প্লটে নমুনা শস্য কর্তন করা হয়।

আজ শুক্রবার উপজেলার চাক মিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মন্দরতা ব্লকে কৃষক মো. হাফিজের রহমানের ৩৩ শতাংশ জমিতে স্থাপিত প্রদর্শনী প্লটে এ কার্যক্রম পরিচালিত হয়।

নমুনা হিসেবে ২০ বর্গমিটার জমির ধান কেটে মাড়াই ও ওজন করে ১২ দশমিক ৬১ কেজি ফলন পাওয়া যায়। এ হিসাবেই হেক্টরপ্রতি সম্ভাব্য উৎপাদন দাঁড়ায় ৬ হাজার ৩০৫ কেজি বা ৬ দশমিক ৩০৫ টন।

কৃষক মো. হাফিজের রহমান বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় নতুন জাতের ধান আবাদ করেছি। জমিতে ধানের বৃদ্ধি ও শিষের অবস্থা ভালো ছিল। নমুনা শস্য কর্তনের পর যে ফলন পাওয়া গেছে, তাতে আমি আশাবাদী। কৃষকেরা যদি সঠিক নিয়মে চাষাবাদ ও পরিচর্যা করেন, তাহলে এ ধরনের জাত থেকে ভালো ফলন পাওয়া সম্ভব।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ বলেন, ‘কৃষকদের মধ্যে উন্নত জাতের ধান ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। এসব প্রদর্শনীর মাধ্যমে কৃষকেরা নিজের চোখে নতুন জাতের ফলন ও সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এতে তাঁদের উন্নত জাতের ধান চাষে আগ্রহ বাড়বে। স্থানীয় পরিবেশ ও জমির উপযোগিতা বিবেচনায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, জনসংখ্যা বৃদ্ধি ও আবাদি জমির সীমাবদ্ধতার বাস্তবতায় খাদ্য উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে প্রদর্শনী প্লটের ফলাফল কৃষকদের কাছে নতুন জাতের সম্ভাবনা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নমুনা শস্য কর্তন কার্যক্রমে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।