হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলায় বঁটির আঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা ননীবালা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধার গলায় বটি দিয়ে আঘাত করে পালিয়েছেন কে বা কারা। আজ বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের কোনো একসময় বাড়িতে থাকা বঁটি দিয়ে ননীবালার গলায় আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী ননীবালাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তাঁর ছেলে দ্বিজেন চক্রবর্তী এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ননীবালা বাড়িতে একাই থাকতেন। তাঁর চার ছেলের মধ্যে দুজন একই ওয়ার্ডে বসবাস করেন।

পরিবারের দাবি, ঘটনার আগে ননীবালার কানে স্বর্ণের দুল ছিল। ঘটনার পর দুল দুটি পাওয়া যায়নি। স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যে হামলা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বঁটি দিয়ে গলায় আঘাত করার ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে অপরাধের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।