হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে দেড় কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল ও আটক জেলেরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ লাখ ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া অভিযানে জব্দ করা ২৭ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও গতকাল শুক্রবার দিবাগত রাতে পাটুরিয়া নৌ-থানা পুলিশ ও মৎস্য বিভাগের উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক দুটি অভিযান চালানো হয়।

পাটুরিয়া নৌ-থানা ও শিবালয় উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ অভিযানে অন্বয়পুর, আরিচা, তেওতা ও আলোকদিয়া এলাকার যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১২০টি চায়না দুয়ারি জাল ও ৭ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অন্যদিকে, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে পৃথক অভিযানে তেওতা, জাফরগঞ্জ, চরশিবালয় ও আলোকদিয়ার চর এলাকায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এ সময় আরও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল নদীর তীরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানা ও নদীতীরবর্তী দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পলো দিয়ে মাছ ধরার ধুম

সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা, মানিকগঞ্জে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ

মানিকগঞ্জে ১৪ দিনে ১৫৭ অভিযান, তবু বন্ধ হচ্ছে না ইলিশ শিকার

দ্বন্দ্বে না জড়িয়ে মানুষের কল্যাণে কাজ করুন: খাদ্যমন্ত্রী

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা