হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে তৎপর বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সম্ভাব্য তৎপরতা এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা। তবে একই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মাঠপর্যায়ে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি।

গত ৯ নভেম্বর সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত মানিকগঞ্জ জেলা শহরসহ সাটুরিয়া, শিবালয় ও ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানগুলোর মধ্যে রয়েছে সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া পুলিশ ফাঁড়ির সামনে। এ ছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়।

এসব ঘটনার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে তৎপর বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল সব সময়ের মতো এখনো মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

জেলা জামায়াতে ইসলামীর আমির কামরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে মাঠে থাকার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে নাশকতার তথ্য পেলে তা প্রশাসনকে জানাতে নেতা-কর্মীদের বলা হয়েছে।

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশনা না থাকায় তাঁরা মাঠে নামেননি। নির্দেশনা পেলে মাঠে থাকবেন।

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে তৎপর বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।