হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ফসলের খেত থেকে লাইলী বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাতপরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। পরে তাঁরা পুলিশে খবর দেন।

সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নারীর পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা বলা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের আলামত সংগ্রহে ঘটনাস্থলে কাজ করছে। ফিঙ্গারপ্রিন্টসহ প্রযুক্তিগত বিভিন্ন পদ্ধতিতে নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।’