মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈনুল ইসলাম খান শান্ত বলেন, এলাকার উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কাজের মান নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এমপি বলেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহে কোনো ঘাটতি নেই। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে আরও বেশি পরিমাণ সার মজুত রয়েছে। একটি মহল সারসংকটের কথা বলে অপপ্রচার চালাচ্ছে, তাদের এ বক্তব্য সত্য নয়।
বিদ্যুৎ-সংকট প্রসঙ্গে এমপি শান্ত বলেন, জ্বালানি সরবরাহে সাময়িক সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল আসতে না পারায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রভাব পড়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে এমপি বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ও গুপ্ত রাজনীতি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি আব্দুল মতিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইমুম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহমেদ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে হরিরামপুর উপজেলার গোপালপুর ইউনিয়নে তিনটি সড়কের পাকাকরণকাজ বাস্তবায়ন করা হবে। তবে অনুষ্ঠানের বক্তব্যে গোপীনাথপুর ইউনিয়নের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত হরিরামপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় অংশ নেন। পরে তিনি স্থানীয় একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।