হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

গতকাল রাত ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণে বাসস্ট্যান্ডে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে বাসস্ট্যান্ডে থাকা যাত্রী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মো. হাবিব বলেন, ‘আমরা সেখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে মনে হয়েছিল গাড়ির চাকা ফেটে গেছে। পরে এগিয়ে গিয়ে দেখি, অনেক ধোঁয়া। তখন বুঝতে পারি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা বিস্ফোরণ করেছে, তা দেখতে পাইনি।’

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজের বাসভবনের প্রধান ফটকের সামনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নতুন করে বাসস্ট্যান্ড এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।