মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মানিকদহ এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী এম এম ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন কবির বলেন, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।