হোম > সারা দেশ > মাগুরা

খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফাহমিদা ওই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে ও বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। পরে আত্মবিশ্বাস নিয়ে খাতা চ্যালেঞ্জ করে সে। পুনরায় ফল প্রকাশের পরও ইংরেজিতে অকৃতকার্য থাকায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। একপর্যায়ে লজ্জা ও অভিমানে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস নেয়। পরে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’