হোম > সারা দেশ > মাগুরা

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক রাখার দায়ে মাগুরার শ্রীপুরে এক বিএডিসি সার ও বীজ ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক রাখার অপরাধে মাগুরার শ্রীপুরে এক বিএডিসি সার ও বীজ ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে মেসার্স মা ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছিল ১৪৫০ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি। এ ছাড়া ক্রেতাদের কোনো রসিদ দেওয়া হতো না এবং ক্যাশমেমো বা বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হতো না। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়।

কৃষকদের সঙ্গে প্রতারণা করার দায়ে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে মাগুরা কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেনসহ মাগুরা জেলা পুলিশের একটি দল সহায়তা করে।