হোম > সারা দেশ > মাগুরা

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে সালেহা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর শ্বশুরবাড়ির পাশেই একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সালেহা বেগম উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কহর আলী বিশ্বাসের মেয়ে। তিনি উপজেলার ইছাপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারিকুল ইসলামকে আটক করেছে শ্রীপুর থানা-পুলিশ।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়। সালেহাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি গাছ থেকে নামিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। এ বিষয়ে নিহতের ভাই সলেমান বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ইতিমধ্যে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।