জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা। দীর্ঘ সময় পর বাড়িটিতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
গত ৬ আগস্ট রাতে দুর্বৃত্তরা সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রায় এক মাস পর শুরু হয়েছে সংস্কারকাজ।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তাঁরা শুধু ভবনটির সংস্কারকাজ করছেন। সাকিব দেশে ফিরবেন কি না বা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না, সে বিষয়ে তাঁদের কোনো তথ্য জানা নেই। রঙের কাজ শেষে হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে।
এর আগে বাড়িতে হামলার ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে কেউ আহত হননি। প্রাথমিকভাবে লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।
এদিকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন—এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ নিয়ে পোস্ট করেছেন।
এই প্রেক্ষাপটে সাকিব আল হাসান দেশে ফিরতে পারেন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায়ও তাঁর নাম আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।
তবে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।