হোম > সারা দেশ > মাগুরা

মহম্মদপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মরদেহ দেখতে স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুণ্ডু (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধুপুড়িয়া কুণ্ডুপাড়ায় এ ঘটনা ঘটে।

বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ কুণ্ডুর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল বাঁধন। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।