মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুই যুবকের মধ্যে একজন মুসলিম ও অপরজন সনাতন ধর্মের অনুসারী।
দুই যুবক হলেন মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সর্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করেন আলমগীর লস্কর ও বিধান বিশ্বাস। এর কিছুক্ষণ পরই দুজনে শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। পরিস্থিতি বুঝে আলমগীরকে তাঁর বন্ধুরা হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে অবস্থানকালেই আলমগীরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়া বিধান বিশ্বাস প্রথমে কাউকে না জানিয়ে বাড়িতেই থাকেন। বিধানের কাকিমা সুপ্রিয়া সাহা বলেন, দশমীর রাতে অতিরিক্ত মদ্যপান করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে প্রথম দিকে এসে কাউকে কিছু না বললেও পরবর্তী সময়ে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে সে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে রাত সাড়ে ৩টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে বিষয়টিতে পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ দুটি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।