হোম > সারা দেশ > মাদারীপুর

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নৌকাডুবি, মাদারীপুরের কিশোর রাব্বি নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি

নিখোঁজ রাব্বি বেপারী। ছবি: সংগৃহিত

ইতালি যাওয়ার পথে লিবিয়ার সাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার মো. রাব্বি বেপারী (১৭) নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকালে এ খবর জানার পর তাঁর পরিবার শোকে ভেঙে পড়ে। রাব্বি কালকিনি উপজেলার গোপালপুর এলাকার সোবাহান বেপারীর ছেলে।

নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি একই উপজেলার গোপালপুর গ্রামের দালাল জাহাঙ্গীরের সঙ্গে ইতালি যাওয়ার জন্য ২৫ লাখ টাকায় চুক্তি করেন। টাকা দেওয়ার পর কয়েক মাস আগে তিনি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। পরে তিনি লিবিয়ায় অবস্থান করছিলেন।

পরিবারের ভাষ্য, রাব্বি তাঁদের জানিয়েছিলেন, দুই-একদিনের মধ্যেই নৌকায় করে সাগর পাড়ি দিয়ে তাঁকে ইতালিতে পৌঁছে দেওয়া হবে। এরপর গত দুই সপ্তাহ ধরে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

পরে পরিবার এক দালালের মাধ্যমে জানতে পারে, সম্প্রতি তাঁদের বহনকারী নৌকাটি সাগরে ডুবে গেছে। এরপর থেকে রাব্বি বেপারীসহ বেশ কিছু যুবক নিখোঁজ রয়েছেন।

রাব্বির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা ভিড় করছেন।

রাব্বির বাবা সোবাহান বেপারী বলেন, ‘দালাল জাহাঙ্গীরের কাছে ছেলেকে ইতালি নেওয়ার জন্য ২৫ লাখ টাকা দিয়েছি। কিন্তু হঠাৎ এক দালালের মাধ্যমে জানতে পারি নৌকা ডুবে রাব্বি নিখোঁজ আছে। দালাল জাহাঙ্গীর প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দিতে সাহস পাচ্ছি না। আমার ছেলে বেঁচে আছে কিনা, তাও জানি না।’

অভিযুক্ত দালাল জাহাঙ্গীর বলেন, ‘নিখোঁজ রাব্বি বেপারীসহ স্থানীয় বেশ কিছু যুবকের টাকা মাদারীপুরের রাজৈর এলাকার ইলিয়াস ও আলী নামের দুই দালালের কাছে জমা দেওয়া হয়েছে। রাব্বির কোন খবর পেলে পরিবারকে জানানো হবে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘রাব্বি নিখোঁজের ঘটনায় তাঁর পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’