মাদারীপুরে সড়কে কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সেলিম হাওলাদার (৫০) নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুর শহরের হোটেল মেট্রো নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ মালিকানাধীন প্রাইভেট কার চালিয়ে ভুরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি গাড়ি উদ্ধারের কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে তাঁর প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।