মাদারীপুরে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়।
শনিবার (২৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
আটক ব্যক্তিরা হলেন ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার গুচ্ছগ্রাম এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশুর হাটে গরু ক্রয়-বিক্রয় করতে আসা ব্যক্তিদের টার্গেট করে তাঁদের অজ্ঞান করে টাকাপয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নামে অজ্ঞান পার্টির একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (২২ মে) ভোরে নতুন শহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করে ডিবি।
এ সময় তাঁদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কচটেপ, পলিথিন ব্যাগ, স্যাকারিন ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁদের আদালতে পাঠানো হয়। এ ছাড়া এই চক্রের অন্য সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে ৯টি মামলা, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে ৭টি ও জাকির হাওলাদারের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।