হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মানব পাচার মামলার প্রধান আসামি জুলহাস তালুকদার গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মাদারীপুর প্রতিনিধি

গ্রেপ্তার জুলহাস তালুকদার। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে মানব পাচারের অভিযোগে করা মামলার প্রধান আসামি জুলহাস তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ও ১০। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুলহাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে জুলহাস তালুকদারসহ ৯ জনের একটি চক্র ২৩ লাখ টাকা নেয়। পরে আরমানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়।

সূত্র আরও জানায়, সেখানে আরমানের ওপর নির্মম শারীরিক নির্যাতন করা হয়। তাঁকে বাঁচাতে পরিবারের সদস্যরা কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হন। এরপরও চক্রটি আরও টাকা দাবি করে।

এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানব পাচার আইনে দালাল চক্রের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে জুলহাস তালুকদারকে রাজৈর থানায় হস্তান্তর করে র‌্যাব-৮ ও ১০।

দুপুরে জুলহাস তালুকদারকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মানব পাচার আইনে করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। তিনি আরও বলেন, জুলহাসের বিরুদ্ধে মানব পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা ১৫টি মামলা আছে।

মাদারীপুরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙন, আতঙ্কে পাড়ের মানুষ

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক