হোম > সারা দেশ > মাদারীপুর

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদরে বাড়ির রান্নাঘর থেকে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত বেগম বিবি (৬৫) মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ব্যক্তি বাড়ির রান্নাঘরে তাঁকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে তারা রান্নাঘরের পাশে থাকা মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছিনতাইকারীরা তাঁর কান ও নাক ছিঁড়ে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেয়।

স্থানীয়রা টের পেয়ে আহত বেগম বিবিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।