মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেই তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির অপরাধে ওই যুবককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আল আমিন (২৬) একই এলাকার খুরশিদা বেগম ও মোস্তাফিজুর খান দম্পতির একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল আমিন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নেশার টাকা না পেলেই তিনি মাকে মারধর করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। পরিবারের সদস্যরা বহুবার তাঁকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু কোনো ফল হয়নি। একপর্যায়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের পরামর্শে রাজৈর থানায় অভিযোগ করেন মা খুরশিদা বেগম। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আল আমিনকে তাঁর ভাড়া বাসা থেকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে আল আমিনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
খুরশিদা বেগম বলেন, ‘অনেক চেষ্টা করেও ছেলের নেশা ছাড়াতে পারিনি। তার স্ত্রীও সংসার ছেড়ে চলে গেছে। সে শুধু নিজের জীবনই নয়, আশপাশের অল্পবয়সী ছেলেদেরও মাদকের পথে ঠেলে দিচ্ছিল। বাধ্য হয়েই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।