হোম > সারা দেশ > মাদারীপুর

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত লাশ

মাদারীপুর প্রতিনিধি

কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানখেতের পাশের ডোবা থেকে আশিক খানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানখেতের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশিক খান একই এলাকার মৃত আজিজ খানের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর একটি মাদক মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পান আশিক। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের খালে জাল দিয়ে মাছ ধরতে যান তিনি। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় শুক্রবার মাদারীপুর সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার।

আজ রোববার স্থানীয় লোকজন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আশিকের বলে শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আশিকের বোন নিপা আক্তার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী কবির মাতুব্বর পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেন।

কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানখেতের পাশের ডোবা থেকে আশিক খানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

অভিযুক্ত কবির মাতুব্বর বাড়িতে না থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।