হোম > সারা দেশ > মাদারীপুর

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে অবরোধের ১০ ঘণ্টা পর বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে আগুন জ্বালিয়ে অবরোধের ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবরোধের কারণে মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা ২টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে অবরোধের ১০ ঘণ্টা পর বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সকালে ঘটনাস্থলে পৌঁছে রাজৈর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মাইকে আন্দোলনকারীদের জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি।

পুলিশের অনুরোধ ও আলোচনার একপর্যায়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এতে প্রায় ১০ ঘণ্টা পর দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।