হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রল বোমা-ককটেল নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল শনিবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন ও শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা দুটিতে এসব ঘটনা ঘটে। আজ রোববার সকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে বিষয়টি জানতে পারেন।

গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহীত

অন্যদিকে, রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের বাইরে দুটি ককটেল ও দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তায় জেলা পুলিশ তৎপর রয়েছে।