মাদারীপুর শহরের ভাড়া বাসা থেকে সাইফুল ভূঁইয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার জলিল ভূঁইয়ার ছেলে সাইফুল ভূঁইয়া রাজমিস্ত্রির কাজ করেন। শহরে কাজ করতে এসে নতুন বাসস্ট্যান্ড এলাকার ৯ নম্বর ব্রিজসংলগ্ন দুই সন্তানের মা বৃষ্টি আক্তারের সঙ্গে প্রেম হয়। এরপর তারা প্রায় পাঁচ মাস আগে বিয়ে করেন। বৃষ্টি তাঁর প্রথম স্বামীর দুই সন্তান নিয়ে দ্বিতীয় স্বামী সাইফুলের সঙ্গে ২ নম্বর শকুনি এলাকার ভাড়া বাসায় থাকতেন। পরবর্তীতে বুধবার (২৫ নভেম্বর) সাইফুলকে তালাক দিয়ে বৃষ্টি সন্তানদের সঙ্গে নিয়ে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘরের দরজা না খোলায় সবার সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে সাইফুলকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন তাসলিমা আক্তার বলেন, ‘আমার ভাই ওর স্ত্রী বৃষ্টির জন্য আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ওর স্ত্রী ওকে তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে চলে যায়। এই কষ্টে সাইফুল এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বৃষ্টির শাস্তির দাবি জানাই।’
মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. মালমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’