হোম > সারা দেশ > মাদারীপুর

সাবেক মন্ত্রী শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-পেট্রলবোমা নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-পেট্রলবোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বহুতল বাণিজ্যিক ভবনে হামলা, ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া শহরের একটি হোটেলে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

মাদারীপুরে শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-পেট্রলবোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

সরেজমিনে দেখা যায়, মাদারীপুর মডেল থানার সামনে শাজাহান খানের পারিবারিক বহুতল বাণিজ্যিক ভবনে একাধিক পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই সময়ে শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় হোটেল লক্ষ্য করে একাধিক ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।

মাদারীপুরে শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-পেট্রলবোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

হোটেলটির নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ বলেন, কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা চালায়। এ সময় তারা প্রায় ২০টি ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে।

এ বিষয়ে জানতে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।