হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর কে আই হাসপাতাল: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি

রোগীর ক্ষুব্ধ স্বজনেরা মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে ভাঙচুর চালায়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে বিষফোড়ার অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নিহতের পরিবারের সদস্যরা ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তাঁরা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে ডাক্তারের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগম (৪০) পিঠে ফোড়ার তীব্র ব্যথা নিয়ে মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার (১৫ এপ্রিল) রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়।

অভিযোগ রয়েছে, অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক অপারেশন কক্ষ থেকে বের হয়ে যান। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভাঙচুর চালান স্বজনেরা এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও হাসপাতালটিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের স্বজন হাসান মাদবর বলেন, ‘সামান্য বিষফোড়া অপারেশন করাতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাসপাতাল ও মালিকপক্ষের বিচার হওয়া উচিত। বিচার না হলে এমন ঘটনা বারবার ঘটবে।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালটির বৈধতা ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিষয়টি যাচাই করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, মালিকসহ সংশ্লিষ্টরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার