লালমনিরহাটে উজানের ঢল ও দুদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। ফলে নদীপারের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার; যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পানিপ্রবাহ বাড়তে থাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে নদীসংলগ্ন লালমনিরহাটের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে বড় বন্যা হয়ে থাকে। এবারও সেই বন্যার আশঙ্কা করছে তিস্তাপাড়ের মানুষ।
জেলার গোবরধন চরের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এবার স্থায়ী বড় কোনো বন্যা হয়নি। তবে আজকে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে বড় বন্যা হতে পারে। বন্যা হলে নদীপারের মানুষের কষ্টের শেষ থাকে না।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পানির সমতল বাড়তে পারে। সে ক্ষেত্রে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।