হোম > সারা দেশ > লালমনিরহাট

বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধায় আলোচিত বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার জামির বাড়ি গ্রামের নবিয়ার রহমানের ছেলে।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট শহিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে তিনি এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১০) মোবাইলে ছবি দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে ভুক্তভোগী শিশুর বাবা থানায় শহিদুলের বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আসামি শহিদুলের উপস্থিতিতে রায় দেন আদালত। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা আদায় করে নির্যাতিত শিশুকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।