লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম (৪৫) ও আফসার আলী (৪০)। তাঁদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে রমেক হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে সীমান্তের কাছে একটি বাঘকে ছাগল আক্রমণ করতে দেখেন। এ সময় ভয়ে তিনি চিৎকার শুরু করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও চড়াও হয়। এতে একে একে তিনজন আহত হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরে লোকজনের ধাওয়া ও টহলরত বিজিবি সদস্যদের দুই রাউন্ড ফাঁকা গুলির পর বাঘটি সীমান্তের দিকে পালিয়ে যায়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান বলেন, বাঘের আক্রমণে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা একটি বাঘ তিনজনকে আক্রমণ করেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। এ ঘটনায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।