হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি

আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে দণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেনকে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বলাইটারী এলাকার বাসিন্দা।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন আশরাফ আলী। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিনই অভিযুক্ত আশরাফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির মা। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানিতে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, ধর্ষণের ঘটনাটি রোমহর্ষক। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।