হোম > সারা দেশ > লালমনিরহাট

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর, গ্রামবাসীর ধাওয়ায় অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি 

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক খেতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

আমঝোল সীমান্তের কৃষক লিটন মিয়া বলেন, ‘আমার বাবা, ভাই মাঠে কাজ করছিলেন। আমার মা তাঁদের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন। আমিও একটু দূরে দাঁড়িয়েছিলাম। এ সময় ছাগল নিয়ে ফিরছিলেন একজন কৃষক। তাঁকে ধাওয়া দিয়েছে ৪ জন বিএসএফ। তখন আমি বিএসএফকে বলেছি, “দাদা এরা তো বাংলাদেশে আছে, ধাওয়া দিচ্ছেন কেন? আপনারা তো বাংলাদেশে প্রবেশ করেছেন।” এ কথা বলামাত্র লাঠি দিয়ে পেটাতে থাকে, আমি তখন তাদের একজনের হাত ধরে ফেলি। এরপর গ্রামবাসী এলে বিএসএফেরা পালিয়ে যায়।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।’