লালমনিরহাটের পাটগ্রামে ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়েছে। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি পাটগ্রাম শাখার উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন পেশার মানুষদের নিয়ে এ কর্মসূচি করা হয়।
এ উপলক্ষে পৌর শহরের আছির প্লাজার ব্যাংক ভবন থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী। শেষে শহরের মিয়া মার্কেটে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক রংপুর শাখার এভিপি, হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ আহসান হাবীব। অন্যান্যদের মধ্যে পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সালাউজ্জামান ওপেল, এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক মশিউল আলম প্রধান, সিনিয়র অফিসার আব্দুর রউফ প্রমুখ।
সভায় বক্তারা ক্যাশলেস ও বাংলা কিউআর ব্যবহারের বিভিন্ন ভালো দিক এবং সুবিধা তুলে ধরে কথা বলেন। এদিন এনসিসি ব্যাংকের বিশ জন গ্রাহককে বাংলা কিউআর কোড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস কার্যক্রম শুরু করা হয়।