হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব মোমছেদুল খান বুলবুল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ রংপুর। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার মোমছেদুল খান বুলবুল উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব।

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম (৩০) ও মিস্টার আলী। চাপারহাট-ভূল্লারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে। পরে তাঁদের বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাঁদের ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে আসামিরা রবিউলের সঙ্গে থাকা নগদ ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ ছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বুলবুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩ এর একটি দল। পরে তাঁকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ দিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বেই তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মোমছেদুল খান বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের নিকট হস্তান্তর করলে আমরা তাঁকে আদালতে পাঠিয়েছি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

পাটগ্রামে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, প্রতিবাদে মানববন্ধন

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় রণক্ষেত্র আদিতমারী: এসপি ওসিসহ আহত ২০

ভুট্টাখেত থেকে ৭ বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত, ককটেল বিস্ফোরণের অভিযোগ

আদিতমারীতে লাদেন হত্যা মামলায় বাবা-ছেলের আত্মসমর্পণ

হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ