দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে।’
আজ বুধবার সকালে লালমনিরহাটে জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা আলোচনায় এলেও বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই। আমরা ইতিমধ্যে ডিলারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছি এবং খুচরা বিক্রেতার সংখ্যাও আরও বাড়ানো হবে। লালমনিরহাটের তথ্য নিয়ে দেখেছি, গত বছরের চেয়ে এবার বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে।’
কালোবাজারি ও কৃত্রিম সংকটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সার নিয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কেউ অনিয়ম বা সার মজুত করার চেষ্টা করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসককে সারের বাজার ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সার মজুত রাখলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। খবর পেলেই গুদামে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’