লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
আজ সোমবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক নাতনিকে ডেকে নেন মোক্তার উদ্দিন। এ সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়। পরে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষার পর অন্তঃসত্ত্বার বিষয়টি প্রমাণিত হয়। এরপর ওই স্কুলছাত্রী ঘটনা পরিবারকে জানালে গত ওই বছরের ২৬ মে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলাটি দীর্ঘ শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।’