হোম > সারা দেশ > লালমনিরহাট

সীমান্তের পাশে মাদকের কারখানা গড়ে তুলেছে প্রতিবেশী দেশগুলো: ত্রাণমন্ত্রী

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আসাদুল হাবিব দুলু। ফাইল ছবি

লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রতিবেশী দেশগুলো মাদকের কারখানা গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বাংলাদেশে কোনো মাদক উৎপাদন হয় না। প্রতিবেশী দেশগুলো থেকে চোরাচালানের মাধ্যমে এসব মাদক দেশে প্রবেশ করে।

গতকাল শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের ব্যবহার সবচেয়ে বেশি। মাদক সেবনের পেছনে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। লালমনিরহাটকে দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষকদের আটকে রাখছে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সমাজে মূল্যবোধ, নৈতিকতা, শ্রদ্ধাবোধ ও সামাজিক শিষ্টাচারের জায়গায় অবক্ষয় দেখা দিয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিস্তারের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যুবসমাজকে ধ্বংস করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে।

সভায় জানানো হয়, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এ কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে আসার কথা রয়েছে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রমুখ।