হোম > সারা দেশ > লালমনিরহাট

কৃষি উপকরণের দাম বৃদ্ধি: চাষাবাদ নিয়ে শঙ্কায় পাটগ্রামের চরাঞ্চলের কৃষকেরা

আজিনুর রহমান আজিম, পাটগ্রাম (লালমনিরহাট)

দহগ্রামের তিস্তার চরে ভুট্টার খেতে সার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন একজন কৃষক। ছবিটি গত শনিবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রামের তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর চরাঞ্চলে প্রতি বছরের মতো এবারও চাষাবাদ হচ্ছে। প্রায় ৪৬০ হেক্টর পলি পড়া চরে ১ হাজার ৭৫০ জন কৃষক ভুট্টা, ধান, রসুন, গম, আলু, মিষ্টিকুমড়াসহ নানা ধরনের ফসল আবাদ করছেন। তবে কৃষকদের দাবি, এবার সার, বীজ, সেচ, ডিজেল, বালাইনাশক ও জমি তৈরির (হালচাষ) মতো কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে চরাঞ্চলের চাষাবাদ ব্যাহত হওয়া এবং কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পাটগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার দহগ্রাম, কুচলিবাড়ী, জোংড়া, পাটগ্রাম সদর, বাউরা, শ্রীরামপুর, বুড়িমারী, জগতবেড় ইউনিয়ন ও পাটগ্রাম পৌরসভার নদী অববাহিকায় জেগে ওঠা চরের পরিমাণ ৪৮০ হেক্টর। এর মধ্যে ভুট্টা ৩৩০ হেক্টর, তরমুজ ৭০ হেক্টর, গম ২০ হেক্টর, মিষ্টিকুমড়া ২০ হেক্টর, শাকসবজি ৮ হেক্টর, আলু ২ দশমিক ৫ হেক্টর, চিনাবাদাম ৩ হেক্টর, রসুন ১ দশমিক ৫ হেক্টর ও মরিচ ১ হেক্টরসহ অন্তত ২০টি চরের ৪৬০ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। এতে ৮ হাজার ৬ মেট্রিক টন ফসল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

দহগ্রামের তিস্তার চরে ভুট্টার খেতে পানি দিতে সেচযন্ত্র চালু করছেন এক কৃষক। ছবিটি গত শনিবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

তবে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বীজ, সার, কীটনাশক ও সেচের জ্বালানি তেলের বাড়তি দামের কারণে চরের প্রান্তিক কৃষকেরা পুঁজি সংকটে পড়েছেন। ফলে চরের বিস্তীর্ণ বালুচরে চাষাবাদের ব্যয় নির্বাহ কঠিন হওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের মতে, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে থাকলে চাষাবাদের পরিমাণ ও ফসলের উৎপাদন আরও বাড়ত।

সরেজমিনে উপজেলার তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ভুট্টা, বাদাম, গমসহ নানা ফসলের খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সবচেয়ে বেশি আবাদ হচ্ছে দহগ্রামের তিস্তা নদীর চরে। ফসলের খেতে কাজ করছেন কৃষক-কৃষাণীসহ কয়েকশ শ্রমজীবী মানুষ। কেউ খেতে সার দিচ্ছেন, কেউ ডিজেলচালিত সেচযন্ত্র (শ্যালো মেশিন) দিয়ে পানি দিচ্ছেন, কেউ নিড়ানি করছেন, আবার কেউ আগাছা পরিষ্কার করছেন। এভাবে সন্ধ্যা পর্যন্ত চলে ফসলের খেতের পরিচর্যা।

কিন্তু বাজারে গিয়ে কৃষি উপকরণের ঊর্ধ্বমুখী দাম শুনে হতাশ হয়ে পড়ছেন অনেকেই। একাধিক কৃষকের অভিযোগ, সরকারিভাবে সারের দাম নির্ধারিত থাকলেও ডিলার ও খুচড়া বিক্রেতারা কৃত্রিম সংকট দেখিয়ে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নিচ্ছেন। পাশাপাশি উন্নত জাতের ভুট্টা, গম ও অন্যান্য বীজের দাম গত কয়েক বছরের তুলনায় প্রতি কেজিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ছাড়া চরের জমির আবাদে জৈব ও রাসায়নিক সার এবং সেচ বেশি লাগে। আবার উপজেলার বাজার থেকে দুর্গম চরে সার ও বীজ পরিবহনে বাড়তি খরচ গুনতে হয়। সব মিলিয়ে কৃষি উপকরণের দাম সাধারণ কৃষকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষকেরা জানান, এসব ফসল তোলার পর বাজারে ন্যায্য দাম না পেলে তাঁদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

দহগ্রামের চরের কৃষক তাইজুল ইসলাম (৪৫) বলেন, ‘এবার আমাদের চাষাবাদে তেল, সার ও বীজের দাম বেশি। বাজারে ফসলের সঠিক দাম না পেলে আমাদের খরচই উঠবে না।’

দহগ্রামের তিস্তার চরে ভুট্টার খেতে বালাইনাশক স্প্রে করছেন কৃষক। ছবিটি গত শনিবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

একই এলাকার কৃষক ছকিম আলী (৫৫) বলেন, ‘তিস্তা চরে ভুট্টা আবাদ করছি। সার বেশি দামে কিনতে হচ্ছে, তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা কৃষক লোক, সময়মতো সার না পেলে আবাদ হবে না, মাঠে মারা যাব আমরা।’

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া বলেন, ‘ভর্তুকি মূল্যের বরাদ্দ পাওয়া সার সরকার নির্ধারিত দামেই কৃষকদের দেওয়া হচ্ছে। মূলত প্রযুক্তিগত জ্ঞানের অভাবে অনেক কৃষক জমিতে অতিরিক্ত সার ব্যবহার করায় ফসল উৎপাদনে খরচ বাড়ছে। পরিমিত সার ব্যবহার করলে খরচ বাড়ার কথা নয়। তবে, কৃষকেরা যে বাড়তি সার কিনছেন, সে ক্ষেত্রে কিছু জায়গায় ব্যতিক্রম (দাম বেশি নেওয়া) কথা শোনা যাচ্ছে।’

কৃষি উপকরণের দাম বাড়লে তো চাষাবাদেও খরচ বাড়ে এবং এতে কিছু ফসলের ন্যায্য দাম কৃষক পায় না—এই কথা স্বীকার করে তিনি বলেন, ‘সরকার যখন ধান ক্রয় করে, তখন কৃষকদের ন্যায্য দাম দেওয়া হয়।’