হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

​লালমনিরহাটে সার অবৈধভাবে অন্যত্রে পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মনোনীতা দাস।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার পর পরেই পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সারবোঝাই তিনটি ইজিবাইক আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

​খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি ইজিবাইকে মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে সার ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

​ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে তাৎক্ষণিকভাবে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং পাচারে জড়িত থাকায় এরশাদ আলীর ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দকৃত ৪৫ বস্তা সার তাৎক্ষণিক উপস্থিত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।