কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ভেজাল বীজ ও কীটনাশক বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ নিম্নমানের বীজ বা কীটনাশক দিয়ে কৃষকদের প্রতারিত করার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আজ শনিবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোকন উদ্দিন বাবুল এসব কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, কৃষকদের উন্নতিকল্পে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ নিয়ে আগামী ২ ডিসেম্বর মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে কৃষকদের নানান সমস্যা আর তাঁর উত্তরণের পথ নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই সংসদ সদস্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের মতো কোনো পরিবার নেই। এটি এমন একটি পরিবার যার প্রতিটি সদস্য দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এখন পর্যন্ত করছেন। শহীদ জিয়ার সেই আদর্শ ছড়িয়ে দিতে তাঁর নামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যাতে করে গোটা দেশের মানুষ তাঁর আদর্শকে লালন ও ধারণ করতে পারে।
শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা ও রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। ফাইনাল খেলায় স্বাগতিক লালমনিরহাট একাদশের মুখোমুখি হয়েছে নীলফামারী একাদশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।