হোম > সারা দেশ > লালমনিরহাট

ছাত্রদলের কমিটি ঘোষণার এক ঘণ্টা পরেই স্থগিত

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক মমিনুর রহমান মমিন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টা পরেই স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেই স্থগিতাদেশ বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক মমিনুর রহমান মমিন বলেন, ২০ আগস্ট ২১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সম্পাদক জাহাঙ্গীর খান স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি ঘোষণার এক থেকে দেড় ঘণ্টা পরেই কেন্দ্রীয় ছাত্রদল তা স্থগিত ঘোষণা করে।

মমিনুর রহমান মমিন আরও বলেন, কোনো ব্যক্তির স্বার্থ, মতপার্থক্য কিংবা বিভ্রান্তিকর তথ্যের কারণে তৃণমূলের একটি সাংগঠনিক সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকা উচিত নয়। বিষয়টি তদন্ত করে স্থগিতাদেশ বাতিল করে সংগঠনকে গতিশীল করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মমিন বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ বা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। কিন্তু যারা সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং সংগঠনের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাঁদের কর্মকাণ্ড অবশ্যই তদন্তের আওতায় আনা প্রয়োজন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিন বলেন, ২০২০ সালের পর থেকে টানা ৬ বছরে দুইবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ও মেয়াদ পূর্ণ করলেও নিয়মিত কমিটি পায়নি উপজেলা ছাত্রদল।

লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে জেলার চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি একটি পত্রে ঘোষিত ওই চারটি আহ্বায়ক কমিটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছে। তবে আমরা কেন্দ্রের সঙ্গে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে আমরা নিশ্চয়ই নতুন কোনো সিদ্ধান্ত পাব।’

সংবাদ সম্মেলনে স্থগিত হওয়া আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইফফাত আল মুজাহিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।