হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ভারতীয় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ তাঁর মরদেহ ভারতের মাথাভাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার পর বুধবার বেলা ১১টার দিকে সীমান্তের কাছে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে সন্ধ্যার মধ্যে মরদেহ ফেরত দেওয়ার কথা জানায় বিএসএফ।

স্থানীয় বাসিন্দা, সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার সাতগ্রাম সীমান্তের বিপরীতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের পানিয়ারটারী সীমান্ত এলাকা। সীমান্তের প্রধান পিলার ৮৭৪-এর ৫ নম্বর উপপিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের সাত থেকে আটজন গরু পারাপারকারী ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের সাতমাথা ক্যাম্পের টহল সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। পরে তাঁর মরদেহ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

নিহত আলী হোসেন জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের ছেলে। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

গুলির ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) ধবলগুড়ি ক্যাম্পের টহল দল সীমান্তে যায় এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। বুধবার বেলা ১১টায় সীমান্তের প্রধান পিলার ৮৭৫-এর ১ নম্বর উপপিলারের কাছে প্রায় ২০ মিনিটব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের পক্ষে ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সৌরভ ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ ফজলে মুনীম।

বিজিবি জানায়, বৈঠকে সীমান্তে গুলি চালিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বিএসএফ দাবি করে, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতের ভেতরে ঢুকে তাদের সদস্যদের আঘাত করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুর ঘটনায় বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করেন।

বর্তমানে মরদেহ মাথাভাঙ্গা থানার পুলিশের কাছে রয়েছে। ময়নাতদন্তের জন্য তা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের বড় ভাই আব্দুল মালেক বলেন, ‘গভীর রাতে গুলি হয়েছে। আমার ভাই বিএসএফের গুলিতে মারা গেছে। রাতে সে সীমান্তে গিয়েছিল বলে শুনেছি, সেখানে কী হয়েছে জানি না।’

বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ময়নাতদন্ত শেষে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।’

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

পুশ ইনের চেষ্টা ব্যর্থ: লালমনিরহাটের চার সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের ৪ সীমান্তেও পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর পরিকল্পনা সরকারের: স্থলবন্দর চেয়ারম্যান

রাশিয়ায় ৪ যুবক বিক্রি: গভীর ষড়যন্ত্র দাবি করে পাটগ্রাম উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

লালমনিরহাট: সাব-রেজিস্ট্রারের ৫ পদই শূন্য, ভোগান্তি চরমে