হোম > সারা দেশ > লালমনিরহাট

সাংবাদিকেরা ভুলত্রুটি তুলে না ধরলে বোকার স্বর্গে থাকব: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সেমিনারে কথা বলছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ছবি: আজকের পত্রিকা

‘সাংবাদিকদের ব্যাপারে সবাই নেগেটিভ সাইডটি তুলে ধরেছেন। পজেটিভ সাইডও আছে। তাঁরা আমাদের গাইড করেন। তাঁরা যদি আমাদের ভুলত্রুটি তুলে না ধরেন, তাহলে তো আমরা শুধরাতে পারব না। বোকার স্বর্গে থাকব।’ কথাগুলো বলেছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

গতকাল রোববার লালমনিরহাটের পাটগ্রামের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। পাটগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে জেলার সাংবাদিকদের সংগঠন প্রেসফোর।

হাসান রাজীব প্রধান বলেন, আমার দৃষ্টিতে মনে করব আমি সব ভালো কাজ করছি। কিন্তু সাংবাদিকেরা যখন ত্রুটিটা তুলে ধরবেন, তখন সংশোধন হওয়ার সুযোগ পাব। কোনো নেগেটিভ নিউজ করার আগে একবার হলেও জিজ্ঞেস করার অনুরোধ করেন সংসদ সদস্য।

সেমিনার প্রসঙ্গে হাসান রাজীব প্রধান বলেন, ‘আমি অনেক কিছু নোট করেছি, যেগুলো আগামীতে পথচলায় কাজে লাগবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভৌগলিক অবস্থা। লালমনিরহাট জেলা থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত একটি মাত্র সড়ক। সড়কটির ১০০ কিলোমিটারের মধ্যে ১৭ বার রেলক্রসিং করতে হয়। এই রাস্তাটি আমাদের জন্য বড় সমস্যা, এটির কারণে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হচ্ছে না। এ সড়ক চার লেনে উন্নীত করার চেষ্টা করছি।’

অনুষ্ঠানে এনটিভির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ উপজেলার সরকারি ও বেসরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা, ব্যবসায়ী সংগঠন, এনজিও, সুশীল সমাজ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নিয়ে এই অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় তাঁদের মতামত উপস্থাপন করেন।