হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, হাসপাতালে জামায়াত নেতা

লালমনিরহাট প্রতিনিধি

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতদের স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারীতে ডাম্প ট্রাকের চাপায় পিপলু মিয়া নামের সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা জামায়াত নেতা আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার মমিনের গ্যারেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী কসালতলা এলাকার সাত্তার মিয়ার ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। আহত আমিনুল ইসলাম জামায়াতের ভাদাই ইউনিয়ন শাখার আমির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা আমিনুল ইসলামের মোটরসাইকেলে চড়ে আদিতমারী স্টেশন এলাকার দিকে যাচ্ছিলেন পিপলু মিয়া। তাঁদের মোটরসাইকেলটি মমিনের গ্যারেজ মোড় অতিক্রম করার সময় বুড়িমারীগামী একটি ডাম্প ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন পিপলু মিয়া। এ সময় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিপলু মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ডাম্প ট্রাকটি, এর চালক ও তাঁর সহকারীকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পিপলু মিয়ার মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, চালক ও তাঁর সহকারীকে আটকসহ ঘাতক ডাম্প ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।