হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি

লক্ষ্মীপুর প্রতিনিধি

অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল হোসেন এলাকার চিহ্নিত মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়রা সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবক সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের বসতঘর পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।