হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে স্ত্রীর নামে ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা এবং নয়নের নামে ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে উঠে এসেছে।

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরে মামলা দুটি দায়ের করা হয়। কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুল ইসলাম মামলা দুটির বাদী। দুদকের অনুসন্ধান ও মামলার বিবরণে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

দুদকের বিবরণ অনুযায়ী, নুর উদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০২৪ সালের ৪ নভেম্বর একটি অনুসন্ধান দল গঠন করা হয়।

অনুসন্ধানে নয়নের স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার নামে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ এবং ২৪ লাখ ৬৬ হাজার ৪০ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর নামে সম্পদের পরিমাণ ১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকা। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ২০ লাখ ৪ হাজার ৭৪৯ টাকা ব্যয়ের তথ্য পাওয়া যায়। ফলে সম্পদ ও ব্যয়সহ মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা।

দুদকের অভিযোগে বলা হয়েছে, এসব সম্পদ অর্জনের বিপরীতে লুবনার নামে গ্রহণযোগ্য আয়ের তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে সম্পদগুলো তাঁর স্বামী নয়নের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে গড়ে তোলা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। স্বামীর পক্ষে এসব সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে, নুর উদ্দিন চৌধুরী নয়নের নামে ৩৩ লাখ ১৪ হাজার ১৩১ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১৯৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর নামে সম্পদের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৩২৫ টাকা। এ ছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ২৫৪ টাকা ব্যয়ের তথ্য রয়েছে।

দুদকের হিসাব অনুযায়ী, সম্পদ ও ব্যয়সহ নয়নের মোট অর্থের পরিমাণ ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায়-ঋণসহ বিভিন্ন খাত থেকে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৩৭ টাকা। ফলে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকা।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নয়ন এসব সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তাঁর স্ত্রী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মডেল টাউনে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা